সোনার দাম বেড়ে ভরি প্রতি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার টাকা
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও সোনার দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ২৪৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের বাজারে এখন পর্যন্ত সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর আগামীকাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।
এর আগে মঙ্গলবার থেকেই ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে সোনার দাম নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা আজ মঙ্গলবার পর্যন্ত কার্যকর ছিল। এক দিনের ব্যবধানে আবারও দাম বাড়িয়ে নতুন রেকর্ড গড়া হলো।
